জাতীয় কবি কাজী নজরুল আর কুমিল্লা যেন একসূত্রে গাঁথা। এখানে তার প্রেম-প্রণয়, বিরহ, বিচ্ছেদ, বিদ্রোহ ও সাহিত্যকর্মের অনেক সৃষ্টি—এক কথায় কবির জীবনের গুরুত্বপূর্ণ সব ঘটনার সাক্ষী এই জেলা। এই শহরের মেয়ে আশালতা সেনগুপ্ত প্রমীলার প্রেমে পড়ে কবি লিখেছেন অনেক গান-কবিতা। শেষ পর্যন্ত তাকেই তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। তাই কুমিল্লাকে জাতীয় কবির জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বলা হয়। কবিপত্নী প্রমীলা নগরীর কান্দিরপাড় এলাকার বসন্ত কুমার সেনগুপ্ত ও গিরিবালা সেনগুপ্ত দম্পতির মেয়ে।
জানা গেছে, ১৯২১ সালের ৩ এপ্রিল নজরুল কলকাতা থেকে বন্ধু আলী আকবর খানের সঙ্গে কুমিল্লায় আসেন। ওই রাতে তিনি শহরের কান্দিরপাড়ে তার সহপাঠী আরেক বন্ধু বীরেন্দ্র কুমার সেনের বাড়িতে ওঠেন। ওই সময় মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন নজরুল। তখন বন্ধুর মা বিজয়া সুন্দরী দেবীসহ তাদের পরিবারের ঘনিষ্ঠজনদের সহায়তায় সামলে ওঠেন তিনি। পরে বন্ধু বীরেন্দ্র সেনের চাচাতো বোন আশালতা সেনগুপ্তর সঙ্গে তার পরিচয় ও প্রেম। কবি তার নাম রাখেন প্রমীলা। তাকে নিয়ে অসংখ্য গান-কবিতা ও চিঠি লেখেন নজরুল। প্রমীলা সংস্কৃতিমনা ছিলেন। নবাব ফয়জুন্নেসা স্কুলের ছাত্রী ছিলেন তিনি। ১৯২৪ সালের ২৫ এপ্রিল কলকাতার ৬নং হাজী লেনে নজরুলের সঙ্গে প্রমীলার বিয়ে হয়। যদিও নজরুলের বিয়ে তৎকালীন কুমিল্লার হিন্দু সমাজ মেনে নিতে পারেনি। সেনগুপ্ত পরিবার ও বিজয়া সুন্দরী দেবীও অখুশি হন। কিন্তু নজরুল তার বাকি জীবনটা প্রমীলার হাত ধরেই পার করেছেন।
নজরুল কুমিল্লায় থাকাকালে (১৯২১-২৩) ভিক্টোরিয়া কলেজসংলগ্ন রানীর দিঘীর পশ্চিমপাড়ে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে প্রতিদিন কলেজ পড়ুয়া তরুণদের নিয়ে কবিতা-গানের আসর জমাতেন, আড্ডা দিতেন। বর্তমানে স্থানটিতে একটি স্মৃতিফলক রয়েছে। এখানে বসে নজরুল ‘মাধবী লতা দোলে’সহ আরও অনেক গান ও প্রমীলার কাছে চিঠি লিখেছেন।
ধর্মসাগরের পশ্চিমপাড়ে বসে নজরুল গান ও কবিতা লিখতেন। সেই স্থানেও রয়েছে একটি স্মৃতিফলক। প্রমীলাদের বাড়ির পাশেই ছিল বিশিষ্ট কংগ্রেস নেতা বসন্ত কুমার মজুমদারের বাড়ি। কবির সঙ্গে পরিচয় হয় বাগিচাগাঁওয়ের বিপ্লবী অতীন রায়ের সঙ্গে। সেখানে বসন্ত স্মৃতি পাঠাগারে কবি আড্ডা দিতেন, কবিতা লিখতেন। এখানেও রয়েছে নজরুল ফলক। ইউসুফ স্কুলের পাশে অবিনাশ ময়রার দোকানের পাউরুটি ও রসগোল্লা ছিল কবির প্রিয়। কবি দারোগা বাড়ির মাজারের পার্শ্ববর্তী বাড়িতে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরুর সঙ্গে অনেক গান গেয়েছেন। টাউন হল ময়দানে অনেক সমাবেশ ও জনসভায় অংশ