মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজার বেহাল
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
নানা অব্যবস্থাপনায় বেহাল দশায় পরিণত হয়েছে মুরাদনগরের ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজার। ২০০ বছরের ঐতিহ্য লালন করে এ বাজারটি মুরাদনগর উপজেলাসহ আশপাশের পাঁচটি উপজেলা ও ছয় শতাধিক গ্রামের বাসিন্দাদের চাহিদা পূরণ করে আসছে। কালের বিবর্তনে বাজার কমিটির অব্যবস্থাপনাসহ প্রশাসনের নজরদারির অভাবে বাজারটি ঐতিহ্য হারাচ্ছে। বিশেষ করে এ বাজার থেকে বিপুল অংকের রাজস্ব আদায় করা হলেও প্রয়োজনীয় সংস্কার না করায় ক্রেতা-বিক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এদিকে বাজারের অভ্যন্তরের একটি পুরাতন খাল বেদখল হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই বাজারে হাঁটুপানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে দিন দিন জনসাধারণ এ বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। জানা যায়, মোগল আমল থেকে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারটি জেলার বিখ্যাত বাজার হিসেবে জনসাধারণের সব পণ্যের চাহিদা পূরণ করে আসছে। জল ও স্থলপথে সমৃদ্ধ এ বাজারে কয়েক হাজার বড় বড় ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। প্রতিদিন হাজার হাজার ক্রেতা-বিক্রেতার সমাগমে মুখরিত এ বাজারে ভোগান্তি এখন নিত্যসঙ্গী। বিপুল অংকের রাজস্ব আদায় করা হলেও বাজার কমিটির অব্যবস্থাপনা ও প্রশাসনের যথাযথ নজরদারির অভাবে বাজারটিতে দিন দিন ক্রেতা-বিক্রেতার সংখ্যা কমছে। বাজারের পুরাতন একটি খাল বেদখল হয়ে যাওয়ায় ও ড্রেনেজ ব্যবস্থাসহ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই বাজারটি একেবারে অচল হয়ে পড়ে। বর্ষা মৌসমের শুরুতেই ময়লা পানির কারণে ক্রেতা-বিক্রেতারা বাজার থেকে পণ্য ক্রয় করতে পারছেন না। এতে বাজারের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।