মামুন সিদ্দিকী
কুমিল্লা শহরের ধর্মসাগরপাড়ের নন্দী পরিবার। বিশিষ্ট রাজনীতিক ও অাইনজীবী রজনীনাথ নন্দী বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, বঙ্গীয় সাহিত্য পরিষদ ত্রিপুরা শাখা প্রভৃতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন সক্রিয়ভাবে। সিংহ পরিবার ('ত্রিপুরা হিতৈষী' পত্রিকার সম্পাদক গুরুদয়াল সিংহ), দত্ত পরিবার (শিক্ষাবিদ দ্বিজদাস দত্ত, তাঁর পুত্র বিপ্লবী উল্লাসকর দত্ত) ও নন্দী পরিবার ব্রাহ্মসমাজের সূত্রে ছিল অভিন্ন বাঁধনে।
আরো পড়ুনঃঘুরে দেখুনঃ রাজা প্রতাপাদিত্যের সাতক্ষীরা
রজনীনাথ নন্দীর সন্তান রজতনাথ নন্দী (১৯০১-১৯৭৫) ছিলেন কুমিল্লায় নিবেদিতপ্রাণ সাংবাদিক। তাঁর সাংবাদিক জীবনের অনেক গল্প ছড়িয়ে আছে। তাঁর বড়ো ভাই অজিতনাথ নন্দী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। তাদের ভাইবোনেরা সবাই ছিলেন অকৃতদার।
শিক্ষা-সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি ও সাংবাদিকতায় এ পরিবারটির সুখ্যাতি ছিল সত্তর দশক পর্যন্ত। এর পূর্বাপর সময়ে পরিবারটি পশ্চিমবঙ্গে চলে যায়। ২০১০ সালে একান্ত ব্যক্তি উদ্যোগে সামাজিক ইতিহাসের দায় থেকে গ্রন্থটি সম্পাদনা করেছিলাম। নন্দী পরিবারের কেউ জানে না এই বইয়ের খবর। এই বইয়ে যথাসাধ্যভাবে ধরা অাছে বিশ শতক জুড়ে একটি পরিবারের দুই পুরুষের মহত্তম অর্জন ও অবদান। কিন্তু এ বই বিদ্বৎসমাজে বিশেষ মনোযোগ পায়নি। এ নিয়ে কোনো আলোচনাও বের হয়নি পত্র-পত্রিকায়। সাংবাদিকতায় অনেকেই তাঁর সান্নিধ্যে এসেছিলেন। চর্বিতচর্বন, মায়াকান্না ও অাত্মসর্বস্বতার যুগে এখন কে অার এসব মনে রাখে! দরকার কী পুরোনো কাসুন্দি ঘাঁটার! 'তাই রে নাই রে না'!